পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নতুন ধর্ম প্রতিমন্ত্রী জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে শপথ পাঠ করাবেন মো. রাষ্ট্রপতি আবদুল হামিদ। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এ শপথ পাঠ পর্বের মধ্য দিয়ে নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।
মঙ্গলবার সকালে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে নতুন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের জন্য প্রস্তুতি চলছে বঙ্গভবনে।
ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত বছর ১৩ জুলাই সর্বশেষ মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ওই দিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আর প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হন। তারপর মন্ত্রিসভায় আর নতুন কেউ যুক্ত হননি। কোনো রদবদলও হয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে।
ওই দিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে ৪৭ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৮।


