পাথেয় রিপোর্ট : বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৩ এপ্রিল) ব্রুনাই দারুস সালামে তার তিন দিনের সরকারি সফর শেষে রাজধানী বন্দর সেরি বেগাবান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৫টা ১৫ মিনিটে বন্দর সেরি বেগাবানের ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ এবং পর্যটনবিষয়ক মন্ত্রী দাতো সেরি সেথিয়া আওয়াঙ্গ হাজী আলী বিন হাজী আপং এবং ব্রনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হুসেইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটির হযরত শাহজালাল আস্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী গত ২১ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাবানে পৌঁছেন।
সফরকালে তিনি ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ সুলতান এবং রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দেন। তিনি সফরের দ্বিতীয় দিনে গতকাল জামে আসর মসজিদ পরিদর্শন এবং সেখানে আছরের নামাজ আদায় করেন। পরে তিনি তার সম্মানে ইস্তানা নুরুল ইমানে ব্রুনাইয়ের সুলতানের দেয়া এক ভোজসভায় অংশ নেন।
গতকাল তিনি ব্রুনাইতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সংবর্ধনায় যোগ দেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের রাজধানীতে কূটনৈতিক এলাকা জালান কেবানজাসানে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি রয়েল রিগালিয়া মিউজিয়াম পরিদর্শন করেন।
সোমবার ব্রনাইয়ের সুলতানের সরককারি বাসভবন নুরুল ইমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনায়েইর সুলতান হাসানাল বলকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, পশুসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি এবং এলএনজি সরবরাহ-সংক্রান্ত ৭টি চুক্তি স্বাক্ষরিত হয়।
সাতটি চুক্তির মধ্যে- ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট। এগুলো হচ্ছে, কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্যক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট।
বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য পাঁচটি দেশের সমন্বয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম দক্ষিণপূর্ব এশিয়া কো-অপারেশন অর্গানাইজেশনের (সিয়াকো) সদস্য হবে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ও মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই।
ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় রোহিঙ্গা সংকটের ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সুলতানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘রোহিঙ্গারা যাতে ফিরে যেতে পারে সে জন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা চালানো উচিত’। এর পাশাপাশি সোমবার বিকেলে বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যেও তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


