পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৭ জুন) এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, চলতি জুন মাসের ২১ তারিখ থেকে রাজ্যগুলোকে বিনামূল্যে টিকার ডোজ দেওয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার।
ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘এখন থেকে দেশের গণটিকাদান কর্মসূচি পুরোটাই তত্ত্বাবধান করবে কেন্দ্রীয় সরকার। রাজ্যসরকাগুলোর আর এই কাজে সম্পৃক্ত থাকার প্রয়োজন নেই। আগামী ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ক যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হবে।’
‘এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আগামী ২১ জুন থেকে রাজ্যগুলোকে বিনামূল্যে করোনা টিকার ডোজ দেওয়া শুরু হবে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরকিকে বিনামূল্যে টিকা দেওয়া।’
টিকা গ্রহণের পাশাপাশি দেশের জনগণকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘শুধু টিকা নিলেই এই অদৃশ্য, প্রতিনিয়ত রূপ পরিবর্তন করা শত্রুর বিরুদ্ধে আমরা জয়ী হতে পারব না। টিকা গ্রহণের পাশাপাশি আমাদের সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি, অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত ও ঘন ঘন হাত ধোয়া ইত্যাদি মেনে চলতে হবে। তাহলেই আমরা এই মহামারিকে পরাজিত করতে পারব।’


