পাথেয় রিপোর্ট : নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংলাপ করেছিলেন, তাদেরকে আবারো সংলাপে ডাকা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা এবং আশপাশের জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, মেয়র, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের সঙ্গে যৌথসভা শেষে সাংবাদিক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
কাদের বলেছেন, ‘‘নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল। নেত্রী গতকাল আমাদের সঙ্গে ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে বলেছেন যে, যাদের সঙ্গে সংলাপ হয়েছে, তাদেরকে আমন্ত্রণ করবেন, আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন।’’
ওবায়দুল কাদের বলেন, ‘তাদের সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে আমরাও সবাই একমত, যারা সংলাপ এসেছিলেন, তাদেরকে আবারো নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন। একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্ট অংশ নেবে আশা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা করতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে, প্রতিপক্ষকে আমরা কখনও দুর্বল মনে করি না। বিএনপি বা তাদের ফ্রন্ট নির্বাচনে যদি আসে, সেক্ষেত্রে তাদেরকে স্বাগত জানাই। প্রতিপক্ষ যদি সফল হয়, তাহলে নির্বাচনে মজা থাকে। প্রতিদ্বন্দ্ব্বিতামূলক নির্বাচনেরও আলাদা একটি মজা আছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, আমরা সেই রকমই আশা করি। তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে, এ রকমই আশা করবো।’
এসময় ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থী করা ‘ভুল’ ছিল-জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের এমন স্বীকারোক্তির সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ড. কামালকে সেই ভুলের খেসারত দিতে হবে।
ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থী করা ‘ভুল’ ছিল-জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের এমন স্বীকারোক্তির সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ড. কামালকে সেই ভুলের খেসারত দিতে হবে।


