পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনার বিরুদ্ধে সম্মিলিতভাবে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। এই প্রাণঘাতী করোনাকে আমাদের পরাজিত করতেই হবে। সবার সম্মিলিত প্রয়াসে করোনা একদিন পরাজিত হবে’।
আজ বুধবার (২১ এপ্রিল) খুলনা সড়ক জোন বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে ফিরে আসতে হবে। এখন জনকল্যাণের রাজনীতিই বেশি প্রয়োজন’।
সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চান। সবার সহযোগিতায় আজ এই অদৃশ্য শত্রু করোনাকে মোকাবেলা করতে হবে। করোনার এই অভিন্ন সঙ্কটে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এ জন্য সবার সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন’।
সংকটে ‘লিপ সার্ভিস’ না দিয়ে বিএনপিকে জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের রাজনীতি করতে হবে। দুর্যোগ সংকটে লিপ সার্ভিস না দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে’।
এ দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, গণতান্ত্রিক অভিযাত্রা ক্ষতিগ্রস্ত করেছে বিএনপি ও প্রতিক্রিয়াশীল চক্র- উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রের প্রতিটি অর্জনকে তারা অপপ্রচার আর অন্ধ সমালোচনায় বিদ্ধ করেছে। তাদের রাজনীতি নেতিবাচক ধারা এবং প্রতিক্রিয়াশীলতায় পুষ্ট। দেশ ও সমাজের গৌরবের দিনগুলো তারা বিতর্কিত করার অপচেষ্টা করেছে। জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতায় যেতে খোঁজে অন্ধকারের চোরাগলি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জনমুখী রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি কথাসর্বস্ব দলগুলোকে সংকটে ফেলেছে, তাদের রাজনৈতিক উচ্চাভিলাষের পথরেখায় ফেলেছে অন্ধকারের ছায়া।


