পাথেয় রিপোর্ট : আসন্ন নির্বাচনে নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে আওয়ামী লীগ নত না হওয়ায় বিএনপিকে ‘শেষ অস্ত্র’ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
বুধবার ঢাকার সেগুন বাগিচায় স্বাধীনতা হলে ‘ইভিএম বর্জন: জাতীয় নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেছেন, “আন্দোলন হল শেষ মুহূর্তের অস্ত্র, এই অস্ত্র ব্যবহারের সময় এসে গেছে।” অালোচনা সভায় নির্বাচনকালীন আরো নানান বিষয়ের কথা বলেন বিএনপি সমর্থক এই পেশাজীবী নেতা।
দশম সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় তখন নির্বাচন বর্জন করেছিল বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর দল বিএনপি। অবশ্য তখন তারা তাদের দাবি আদায়ে আন্দোলনও করেছিল, কিন্তু কোনও ফল আসেনি। পরের বছর ২০১৫ সালে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে টানা তিন মাস হরতাল-অবরোধ করেও সফল হয়নি দলটি।সে সময়টি ছিল বাংলাদেশের জন্য খুবই ভয়ংকর। পুরো দেশ সাময়িক অচল ও টানা তিন মাস আন্দোলন করেও কোনও সুবিধা করেত পারেনি বিএনপি।
এবার একাদশ সংসদ নির্বাচনের আগে আবারও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি তুলেছে বিএনপি; এই দাবিতে নিজেদের জোটের বাইরে আরও কয়েকটি দলকেও পাশে পেয়েছে তারা। সম্প্রতি ড.কামালের জাতীয় ঐক্যের ডাকেও সাড়া দিয়েছে দলটি।
তবে আন্দোলনের হুমকির জবাবে তাদের অতীতের ব্যর্থতার দিকটি তুলে ধরে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির আন্দোলনের সামর্থ্যই নেই। ২৬ আগস্ট বুধবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,বিএনপি একটি ভুয়া দল। এই দলের সব কর্মকাণ্ড জেলে আটকে আছে। বিএনপির অর্থ হলো বাংলাদেশ নালিশ পার্টি। তারা এই ঈদ না সেই ঈদ করে ১০ বছর কাটিয়ে দিল। ১০ বছর চলে গেলে মানুষ আর কয় বছর বাঁচে।’
তবে এমাজউদ্দীন মনে করেছেন, বিএনপির সঙ্গে কামাল হোসেন ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় ঐক্য প্রক্রিয়ায়ও সরকারের বিরুদ্ধে নামায় এবার পরিস্থিতি ভিন্ন।
তা দেখে ক্ষমতাসীন দল ‘ভীত-সন্ত্রস্ত’ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, “ঐক্য প্রক্রিয়া ৮৮ হাজার গ্রামে ছড়িয়ে দিতে হবে। এই জন্য তরুণদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে।” খালেদা জিয়ার প্রসঙ্গ ধরে আশাবাদী কণ্ঠে এমাজউদ্দীন বলেন, “৭৩ বছরের ভদ্র মহিলাকে বাসযোগ্য নয়, এমন একটি কারাগারে রাখা হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।
অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানান তিনি। পাশাপাশি ইভিএম বাতিল করে নির্বাচনে সেনাবাহিনীর কর্তৃত্ব আরও বাড়ানোর দাবি জানান এমাজউদ্দীন।


