পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা অর্জন করতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় সরকার চেষ্টা করে যাচ্ছে, একইসাথে সরকারকেও সাহায্য করতে হবে।
আজ বুধবার (২৮ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার পরিকল্পনা গ্রহণ করতে পারে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে হলে এগিয়ে আসতে হবে জনসাধারণকেই। পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসা মানেই সরকারকে সহযোগিতা করা।
মহামারিকালে আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি দুস্থদের পাশে দাঁড়ায়, তাদেরকে সহায়তা করে, তাহলেই লকডাউন সম্পূর্ণভাবে কার্যকর হবে। খেটে খাওয়া মানুষকে যাতে বাইরে বেরুতে না হয়, সরকারের পাশাপাশি সেটা নিশ্চিত করার দায়িত্ব সমাজের বিত্তবান শ্রেণির।
‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেঁচে থাকা। এর জন্য মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। লকডাউনকেও সেভাবেই দেখা উচিত। জাতির ভালোর জন্য আমাদের প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে। এত অনুরোধ আর চেষ্টার পরও যদি আমরা সতর্ক না হই, তাহলে মনে রাখতে হবে, সামনে ভয়ানক অবস্থা আসতে পারে।’
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, অনেকেই জীবিকার সংকটের কথা উল্লেখ করে লকডাউন শিথিল কিংবা বাতিল করার কথা বলছেন। সরকার মনে করছে, জীবিকার চেয়ে জীবন অনেক গুরুত্বপূর্ণ। আগে জীবন বাঁচাতে হবে এবং সেটাকেই আমরা প্রায়োরিটি দিচ্ছি। সাময়িক কষ্ট হলেও আমাদের সবাইকে তা মেনে নিতে হবে।


