পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারের প্রচণ্ড চাপে ২০ দলীয় জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, রাজনীতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ টিকতে পারছে না। বিরোধী রাজনীতিতে টিকে থাকতে পারছে না সে কারণে তারা চলে গেছে। এই কথা বললেই তো হয়, প্রচণ্ড চাপে আমরা টিকতে পারছি না, মামলা-মোকদ্দমায় ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছি। সেটা না বলে কোনো ব্যক্তি বা দলকে দোষারোপ করা সঠিক কাজ নয়।
মির্জা ফখরুল বলেন, স্পষ্টভাবে বলতে চাই, আমরা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষণাপত্র অনুযায়ী রাজনীতি করছি। ২০ দলে যারা আছেন আমাদের সঙ্গে তারাও সেভাবে রাজনীতি করছেন এবং পারস্পরিক আস্থা আমাদের মধ্যে চমৎকার আছে।
তিনি বলেন, নুর হোসেইন কাশেমীর মৃত্যুর সঙ্গে সঙ্গে শোকবার্তা প্রদান ও ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে আলেম-উলামাদের গ্রেফতার ও মামলা দায়ের ঘটনায় বিবৃতি প্রদান ও বিশেষ সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ করে বিএনপি।


