পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের ভুলের কারণে মানুষ মরছে। সরকারের ভুলের কারণে শিক্ষা ধ্বংস হচ্ছে। সরকার ভুল পথ হাঁটছে। ভুল পথে হাঁটলেও সংশোধন করা যায়। কিন্তু সরকারের সংশোধন করার কোনো ইচ্ছে নাই। কারণ সরকার জনসাধারণকে তার প্রজা মনে করে।
রোববার (১ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রে ‘করোনা মোকাবেলা, শ্রমিকদের হয়রানি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ সার্বিক পরিস্থিতি নিয়ে’ এক নাগরিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজনৈতিক দলকে ছোট করা ছাড়া সরকারের আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। প্রধানন্ত্রীর কথা আর কাজের মিল নেই। উনি সব সময় বলছেন, আমরা যুদ্ধে আছি। কিন্তু উনিতো যুদ্ধ দেখেন নাই।
কলকারখানা খোলার ব্যাপারে দ্বিমত নেই মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, কলকারখানা খোলার ব্যাপারে কতগুলো নিয়ম আছে। শ্রমিকদের টিকা দিতে হবে। টিকা দেয়া কঠিন কোনো কাজ না। গার্মেন্টস মালিকদেরও দ্বায়িত্ব আছে। তারা যে এতদিন লুটপাট করেছে, বেগমপাড়া করেছেন, মালয়েশিয়ায় বাড়ি করেছেন, টাকা পাচার করেছেন। যে শ্রমিকদের কাঁধে ভর করে এত কিছু করেছেন, সেই শ্রমিকদের তো টিকা দিয়েই কারখানা চালাতে পারেন। টিকার টাকা তারাই জোগার করে দিতে পারেন।


