নিজস্ব প্রতিবেদক ● স্কুল-কলেজের প্রায় ১০ হাজার ছাত্রীকে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মঙ্গলবার বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান হয়, বিভাগের আওতাধীন কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) এ কর্মশালা বাস্তবায়ন করবে। সিসিএ নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন জানান, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব নবাব আলী সিনেট মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হবে। আগামী ২৮মে পর্যন্ত পার্যায়ক্রমে সারাদেশের মোট ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
আবুল মানসুর বলেন, কর্মশালায় অংশগ্রহণকারীরা সাইবার অপরাধ ও সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, অপরাধ সংগঠিত হলে তা থেকে পরিত্রাণের উপায়, সহায়তা পেতে প্রয়োজনীয় দপ্তরগুলোর ফোন নম্বর এবং অভিযোগ দাখিল করার সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করবেন। এই কর্মশালা ছাত্রীদের সাইবার স্পেসে নিরাপদ বিচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি সাইবার অপরাধ কমাতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন আবুল মানসুর।
প্রাথমিকভাবে ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও আগামীতে ছাত্রদের এ বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগে নেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সবম্মেলনে সিসিএর উপ-নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


