পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে তা বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমতি সাপেক্ষে আগে কিছু ব্যাংক নির্ধারিত সময়ের পরেও ব্যাংকিং পরিচালনা করত। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে বিকেল ৫টার পর আর কোনো কার্যক্রম চালানো যাবে না। ৩টার মধ্যে লেনদেন ও বিকেল ৫টার মধ্যে সব ধরনের আনুষঙ্গিক কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সংগতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ২৪ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।


