সামাজিক সম্প্রীতি রক্ষায় সারাদেশে কমিটি ঘোষণা

সামাজিক সম্প্রীতি রক্ষায় সারাদেশে কমিটি ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে দেশের সব জেলা-উপজেলায় ‘সামাজিক সম্প্রীতি কমিটি’ গঠন করা হয়েছে। সরকারিভাবে গঠিত জেলা পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসককে (ডিসি) করা হয়েছে সভাপতি। জেলায় ২৩ সদস্যের কমিটিতে জেলা পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্ট সংসদ সদস্যদের রাখা হয়েছে উপদেষ্টা হিসেবে। পুলিশ সুপারকে রাখা হয়েছে সদস্য।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৪ জুলাই আলাদা তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠনের কথা জানানো হয়।

জেলার বাইরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটির নেতৃত্বে রয়েছেন ইউএনও। এ কমিটিতে সদস্য ২৪ জন। ইউএনওর সভাপতিত্বে কমিটিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানকে উপদেষ্টা করা হয়েছে।

অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে কমিটিতে রয়েছেন ১৪ সদস্য। ইউপি চেয়ারম্যান এ কমিটির প্রধান। আর ইউনিয়ন পরিষদের সচিবকে করা হয়েছে সদস্য সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় সম্প্রীতি সমাবেশ করবেন। ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে সচেতনতামূলক কার্যক্রম চালাবেন। মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে এসব কমিটি। সব ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবে এসব কমিটি।

এছাড়া ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে সবাইকে সচেতন করবেন কমিটির সদস্যরা।

সম্প্রতি নড়াইল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সবশেষ গত ১৭ জুলাই নড়াইলের লোহাগড়া উপজেলার একটি গ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ ঘটানো হয়। এসব ঘটনার পরই মূলত সামাজিক সম্প্রীতি রক্ষার এ উদ্যোগ নিলো সরকার।

এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, জেলাপর্যায়ে কমিটি গঠনের চিঠি পেয়েছি। কমিটির কার্যপরিধিতে যা বলা হয়েছে, সে অনুযায়ী কাজ করবো।

শিগগিরই কমিটির প্রথম সভা ডাকা হবে বলে জানান এই ডিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *