সারাদেশে বৃষ্টিপাত কমার সম্ভাবনা

সারাদেশে বৃষ্টিপাত কমার সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্থল নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন দেশে টানা বৃষ্টিপাত হয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। তবে শনিবার থেকে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সমুদ্রবন্দরগুলো থেকেও সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, বর্ষাকাল চলছে তাই বলা যাবে না যে বৃষ্টি হবে না। যেকোনো সময়ে আকাশে মেঘ জমার পাশাপাশি বৃষ্টি হতে পারে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, ঢাকায় আজ অধিকাংশ সময় রোদের দেখা মিলতে পারে। তবে মাঝে মাঝে বৃষ্টির দেখাও পাওয়া যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সমানভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সন্ধ্যা পর্যন্ত) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ১৪৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে লঘুচাপ হিসেবে বিহার ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর অনেকটা সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *