সারাদেশে মাঝারি ভারী বৃষ্টির আভাস

সারাদেশে মাঝারি ভারী বৃষ্টির আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত বেড়ে গেছে। দেখা দিয়েছে সারা দেশেই মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস। তবে কোথাও কোথাও অতিভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস বুধবার (৩০ জুন) জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, হিমালয়ের পাদদেশীয়, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থার কারণে বৃষ্টিপাত বেড়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে এসময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিমি। শুক্রবার পর্যন্ত বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হবে।

এদিকে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১ জুলাই বিকেল ৩টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারী বর্ষণ হতে পারে। তবে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের কোনো আশঙ্কা নেই।

অন্যদিকে দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৩০ জুন) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার ও তেঁতুলিয়ায়, ১১৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে সন্ধ্যা ৬টা নাগাদ ১ মিলিমিটার (রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যার পরের বৃষ্টিপাতের রেকর্ড আবহাওয়া অফিস থেকে পাওয়া যায়নি) আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *