পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিগত ১২ দিনের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। মঙ্গলবার (৮ মার্চ) অভিযানের ১৩ তম দিন।
তবে রাশিয়ার এই সামরিক অভিযানকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ছাড়াও বিশ্বের অনেক দেশ। তারা ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়ে রাশিয়ার ওপর আরোপ করেছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা।
এর ফলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে পড়া দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাশিয়া। দেশটির ওপর বর্তমানে ৫ হাজার ৫৩২টি নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে দেশটি এতদিনের শীর্ষ নিষেধাজ্ঞার দেশ ইরানকে ছাড়িয়ে গেছে। ইরানের ওপর বর্তমানে রয়েছে তিন হাজার ৬১৬টি নিষেধাজ্ঞা।
এদিকে, রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে শুধু ইউক্রেনের অভিযান শুরুর পরই আরোপ করা হয়েছে দুই হাজার ৭৭৮টি।


