পাথেয় রিপোর্ট : সিরাজগঞ্জের তাড়াশে কারি মো. আবুল হোসেন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ তাড়াশ থানা পুলিশ উদ্ধার করেছে। রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের উত্তর মাঠে সাত্তারের ভিটার জঙ্গলের মধ্য থেকে তার পড়ে থাকা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তিনি ইশ্বরপুর গ্রামের জামে মসজিদের সাবেক ইমাম।
নিহত আবুল হোসেনের ভাতিজা আব্দুস সামাদ জানান, গত ৪/৫ দিন পুর্বে তার চাচা আবুল হোসেন মোল্লা বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে যান। তারপর তাকে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে রোববার সকালে লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় ওই ভিটার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন ভিটা থেকে দুর্গন্ধ পেয়ে লোকজন এগিয়ে গেলে দেখতে পান জঙ্গলের মধ্য ওই বৃদ্ধের লাশ পড়ে আছে এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে লোকজন তাড়াশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।


