পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকাকে সেইফ সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত ও কার্যকর করতে পুরো ঢাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। রাজধানীর প্রত্যেকটি সড়ক ও গলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।
আজ শনিবার (২৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’-এর নবম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা যদি ঢাকাকে সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে পারি তাহলে রাজশাহী ও চট্টগ্রামেও একই লক্ষ্য নিয়ে কাজ শুরু করবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক আমরা প্রত্যেকে চাই। কিন্তু এটা বাস্তবায়ন করতে হলে যার যে ভূমিকা, সেটা পালন করা হচ্ছে না। ট্রাফিক আইন মানতে হবে, রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। গাড়িতে বসলে সিটবেল্ট বেঁধে নিতে হবে। অধিকাংল লোকের মধ্যেই আইন মানার প্রবণতা নেই। সেক্ষত্রে শুধু পুলিশ দিয়ে সড়ক নিরাপদ করা সম্ভব নয়।


