সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে সংসদে শোক ও মোনাজাত

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে সংসদে শোক ও মোনাজাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় জাতীয় সংসদের অধিবেশনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মোনাজাত করা হয়েছে। রোববার বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হয়।

চলতি অধিবেশনে ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন শাসমুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু ও শামীমা আক্তার খানম।

সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। এ সময় তিনি বিএম কনটেইনার ডিপোতে আগুন এবং বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গতকাল শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে ও পরে বিস্ফোরণ হয়। আগুন ২০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি দল।

সংসদের অধিবেশনে সীতাকুণ্ডের ঘটনার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সংসদ সদস্য জুবেদ আলী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী এবং বি এম নজরুল ইসলাম, শাহ জিকরুল আহমেদ, খন্দকার আবদুল জলিল, আশিকা আকবর ও পারভীন সুলতানার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

অধিবেশনে একুশের গানের রচয়িতা ও কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী, পুলিশের সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিন, আবৃত্তিশিল্পী হাসান আরিফ, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি শাহ আজিজুল হক, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল পাশা, রংপুরের পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু ও মোজাম্মেল হক, ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ, সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ও বলিউডের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে, নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ও দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব উপস্থাপনের পর এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *