সীমান্তে হত্যা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে হত্যা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সীমান্তবর্তী অঞ্চলে গত কয়েকদিন ধরে হত্যা বেড়ে গিয়েছে।’ তিনি বলেন, ‘এর পেছনের কারণ সম্পর্কে আপনারা অবহিত আছেন। তবে আমরা এটা নিয়ে কাজ করছি যাতে এটা কমিয়ে আনা যায়। তাই দুদেশের যা যা করণীয় সেটা আমরা করবো।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘ এ বিষয়ে ইতোমধ্যে পতাকা বৈঠক থেকে শুরু করে সব রকমের আলোচনা হচ্ছে। আমাদের বিজিবি বিএসএফের সঙ্গেও সবসময় কথাবার্তা হচ্ছে ‘

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। যদিও তার যে রোগ, সেগুলো স্থায়ী রোগ। যেমন ডায়াবেটিক, আথ্রাইটিজ- এ সমস্ত রোগে তিনি ভুগছেন। কাজেই তাকে যে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না এটা সত্যি নয়।’

নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই নির্বাচন হয়। কিন্তু আমাদের এ সাবকন্টিনেন্টের নির্বাচন এতো সুন্দর, এতো অহিংস নির্বাচন বোধ হয় আপনারা আর দেখেননি আমি মনে করি। কোনো ধরণের হত্যাকাণ্ড তো নাই-ই, মাথা ফাটাফাটিও খুব কম হয়েছে।’

তিনি বলেন, ‘মোহাম্মদপুরে সাংবাদিকের হামলার ঘটনাটা এটাও আমাদের নজরে এসেছে। আমরা ভিকটিমের কথা অনুযায়ী এবং তার বর্ণনা অনুযায়ী একজনকে অলরেডি গ্রেপ্তার করেছি। সেই সঙ্গে আর দুই-একজন যাদের শনাক্ত করা হয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক নাছিমা বেগম, সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, বিচারপতি ওবায়দুল হাসান এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *