পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোরআন অবমাননার জেরে বিশ্বজুড়ে নিন্দার মধ্যেই ফের জঘন্য সেই কাজটি সংঘটিত হয়েছে সুইডেনে। বৃহস্পতিবার (২০ জুলাই) দেশটির রাজধানী স্টকহোমে আবার এ ঘটনায় ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠেছে বিশ্বজুড়ে। খবর আল জাজিরা।
মুসলিম দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক ইসলামি সংস্থাগুলো এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। পবিত্র কোরআনের অবমাননায় কড়া ভাষায় সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার স্টকহোমে আমাদের পবিত্র কিতাবের অবমাননার ঘটনা ঘটেছে। তুরস্ক এই জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। সেই সঙ্গে ইসলামের বিরুদ্ধে এই ধরনের বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে সুইডেন সরকারের প্রতি আহ্বান জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুইডেনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওআইসিকে এ দানবীয়তা বন্ধ করতে ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনার কঠোর সমালোচনা করে সৌদি আরব সুইডিশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে পবিত্র কোরআন অবমাননার বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে ইরাক বাদগাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং দেশটি নিজেদের চার্জ ডি অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারও দেশটিতে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে স্মারকলিপি দিয়েছে।
এদিকে, মুসলিম দেশগুলোর পাশাপাশি কোরআন অবমাননার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক ইসলামী সংস্থাগুলোও। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির মহাপরিচালক হোসাইন ইবরাহিম ত্বহা সুইডেনের কড়া সমালোচনা করে বলেছেন, স্টকহোমে ইরাক দূতাবাসের সামনে ফের কোরআন অবমাননা একটি চরম উসকানিমূলক কাজ। অব্যাহতভাবে এ কর্মকাণ্ডে সমর্থন দিয়ে যাচ্ছে সুইডিশ সরকার। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সুইডেন সরকারের প্রতি আহ্বান জানান।
মুসলিম ওয়ার্ল্ড লিগের এক বিবৃতিতে বলা হয়, ‘মত প্রকাশ ও বাক স্বাধীনতা’র দোহাই দিয়ে সুইডেনের এই ধরনের জঘন্য এবং দায়িত্বজ্ঞানহীন কাজের পুনরাবৃত্তিকে দুঃখজনক আখ্যা দিয়েছেন। তিনি এই গর্হিত ও অপরাধমূলক কাজ বন্ধে বাস্তব ও দ্রুত পদক্ষেপ নিতে সুইডিশ সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ঈদুল আযহার দিন কোরআন অবমাননার ঘটনায় যখন সারা বিশ্ব ফুঁসছিল, ঠিক তখনই একই ব্যক্তি আবারও সেই জঘন্য কাজের অনুমতি চায় সুইডিশ কর্তৃপক্ষের কাছে। তারা সালওয়ান মোমিকা নামের ওই ইরাকি খ্রিস্টান ব্যক্তিকে ফের অনুমতি দেয় কোরআন পোড়ানোর। গত বৃহস্পতিবার সে সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে কোরআন ও ইরাকি পতাকা অবমাননা করেন।


