ওয়ার্ল্ড ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি হায়দরাবাদ শহর দিয়ে তার ভারত সফর শুরু করার মধ্য দিয়ে এই শহরের সঙ্গে ইরানের ৫০০ বছরের সম্পর্কের ওপর আলোকপাত করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার তিনি মক্কা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। যদিও এটি সুন্নিদের মসজিদ। এই ঐতিহাসিক মসজিদের দরজা খুলে দিয়ে স্বাগত জানানো হয়েছে এই শিয়া রাজনৈতিক নেতাকে।
নামাজ আদায়ের পর তিনি উপস্থিত মুসল্লিদের প্রতি একটি ভাষণও দিয়েছেন। হায়দরাবাদ শহরের প্রতীক বিখ্যাত তোরণ চার মিনারের কাছে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে কুতুব শাহী আমলে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৬১৬-১৭ সালে। সেটি ছিল সুলতান মুহাম্মদ কুতুবের রাজত্বকাল। কুতুব শাহী সুলতানরা ১৫১৮ থেকে ১৬৮৭ সাল পর্যন্ত দাক্ষিণাত্যের গোলকোন্ডা রাজ্য শাসন করেছেন।
এই বংশের ষষ্ঠ সুলতান মোহাম্মদ কুলি ১৫৯১ সালে হায়দরাবাদ শহরের পত্তন করেন। এই শহরে তিনি সুরম্য প্রাসাদ ও বাগান নির্মাণ করান এবং খাল খনন করান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চার মিনার।
ইরানের মাশহাদ এবং ইসফাহান শহরের ভবনের আদলে চুনাপাথর দিয়ে এই তোরণটি নির্মাণ করা হয়। প্রেসিডেন্ট রোহানি তার সফরের সময় কুতুব শাহী সুলতানদের কবরও জিয়ারত করেন। এই রাজবংশের পূর্বপুরুষরা ইরান থেকে ভারতে এসেছিলেন বলে দাবি করা হয়।


