পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র মাহে রমজান। এ মাসে মুসলমানরা রোজা রাখেন। উৎসব হিসাবে মহিমান্বিত এ মাস পালন করেন। রমজানকে কেন্দ্র করে নানাধরনের মানুষ ভিন্ন ভিন্ন আয়োজন করে যে যার মত করে। এমনিভাবে বিশ্বের ইসলামিক সংগীতশিল্পীরাও আমদেরকে ‘রমজান উপহার’ দেন আল্লাহ-রাসূলের শানে নতুন নতুন নাশিদ গেয়ে।
রমজান উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় বিস্ময়কর সুফী শিল্পী শালীন আহমদের নতুন নাশিদ রিলিজ হয়েছে ‘সুবহানাল্লাহ’। শুক্রবার (১৭ মে) শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘Cook Vocal’ এ নাশিদটি রিলিজ করেছে।
মনোমুগ্ধকর এ নাশিদটির গীতিকার সুরকার শিল্পী নিজেই। নশিদটির মিউজিক করেছেন কুক ভোকাল স্টুডিওর সিনিয়র মিউজিশিয়ান কম্পোজার সাদ শাহ এবং ডিরেক্টর হিসেবে ছিলেন এ সময়ের জনপ্রিয় ফিল্ম ডিরেক্টর এইচ আল হাদি। এছাড়া প্রোডাকশনে ছিল ব্যাকস্ক্রিন ফিল্ম ও রেকর্ড লেভেল কুক ভোকাল স্টুডিও।
ইসলামী সংস্কৃতি নিয়ে সুফী শিল্পী শালীন আহমদের সাথে কথা হলে তিনি পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, সমাজে এখন অপসংস্কৃতির জয়কার। আমাদেরকে ইসলামী সংস্কৃতি মাধ্যমেই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য হলো মানবজাতির চূড়ান্ত সাফল্য লাভ করা তথা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহ-পরকালীন শান্তি ও মুক্তি লাভ করা। আর প্রাণ হলো আল্লাহ তায়ালার একাত্মবাদে বিশ্বাস। আমি সর্বত্রে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইসলামীক সংগীত নিয়ে কাজ করছি।
শালীন পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে জানান, আমার বেশ ক’টি সংগীত রিলিজ হয়েছে- মুহাম্মাদ, তালাআল বাদরু আলাইনা, আরাকান, বাংলাদেশ তার নাম, নিরাপদ সড়ক চাই ইত্যাদি। তিনি বলেন, ইনশাল্লাহ, সামনে আরো কিছু সংগীত আসছে। সকলের কাছে দোয়া চাই। আপনারা সাথেই থাকবেন এটাই কামনা।
ইনভাইট নাশিদ গ্রুপের সংগীত পরিচালক জনপ্রিয় কণ্ঠশিল্পী আনওয়ারুল কারীম মুস্তাজাব পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, সুফী শিল্পী শালীন আহমদ বিস্ময়কর গায়ক। সংগীত জগতে তাঁর পদচারণা অনেক আগে থেকেই। তিনি সত্য সংগীতের সাধনায় নিয়োজিত। আমি তাঁর সাফল্য কামনা করছি।
মুগ্ধকরা নাশিদ ‘সুবহানাল্লাহ’-এর কয়েক লাইন লিরিক এমন—
কি সুন্দর করে গড়েছো এই দুনিয়া
বিমোহিত হই দেখে তোমারি সৃষ্টির মায়া
সুবহানাল্লাহ নদী সুন্দর
বৃক্ষরাজিরা রবি সুন্দর
পাহাড় সাগর ঐ সবি সুন্দর
সুন্দরে তুমি আল্লাহ
সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ …
প্রসঙ্গত, বিগত কয়েক দিনে ‘সুবহানাল্লাহ’ নাশিদটি সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ান সৃষ্টি করেছে। এ নাশিদটির জন্য প্রশংসায় ভাসছেন শালীন আহমদ।
https://www.youtube.com/watch?v=oQg37aBy9KY
পা.টো.ড/আদিল


