রঙ ডেস্ক ● আমার এ দেশ সব মানুষের, সব মানুষের, চাষাদের, মুটেদের, মজুরেরÑ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী এই গানের সুরকার বিশিষ্ট সংগীত পরিচালক খাদেমুল ইসলাম বসুনিয়া আর নেই (ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গত বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২১শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
গুণী এই সংগীতজ্ঞকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ গতকাল বেলা ১১টায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিয়ে আসা হয়। এখানে শ্রদ্ধা নিবেদনের পর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর ২য় নামাজে জানাজা গুপ্তপাড়াস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর নূরপুর কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।


