পাথেয় রিপোর্ট : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে। তাই ড. কামাল ও আমার ওপর এমনকি সারাদেশে হামলা শুরু করেছে।
শুক্রবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে শহর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনে থাকব। তাই ছোটখাটো এসব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। ভোটের দিন সকালে নিজে ভোট দেবেন এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট দেয়ার কথা বলবেন। সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেবেন। ফলাফল না নিয়ে যাবেন না। জনগণের ভোট রক্ষা করা গেলে বিজয় আমাদের নিশ্চিত।
বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।
এর আগে মির্জা ফখরুল বলেন, আমার নিজ নির্বাচনী এলাকায় আসার প্রথম দিন গুনবাড়ি দানারহাট এলাকায় গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর করেছে ওই এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় এতে ৫/৬টি গাড়ি ভাংচুর ও ১০ জন নেতাকর্মী আহত হয়। কিন্তু নির্বাচনী পরিবেশ সুষ্ঠ থাকার জন্য প্রতিপক্ষদলীয় কর্মীদের উস্কানিতে পা না বাড়াতে দলীয় কর্মীদের পরামর্শ দেন তিনি। হামলার ঘটনায় জেলা রিটার্নিং অফিসারকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন।
নির্বাচন কমিশন ব্যর্থতায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ইসি ভোটের আগে নতুন কোন মামলা, গ্রেফতার ও হয়রানী না করার কথা দিয়েছিলেন। সংলাপে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন আর কোন মামলা, গ্রেফতার করা হবে না। সুষ্ঠ পরিবেশে সকল দলের অংশ গ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তা বাস্তবায়ন কতটুকু পত্রিকা ও টিভিতে চোখ রাখলে বোঝা যায়।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে। তাই ড. কামাল ও আমার ওপর এমনকি সারাদেশে হামলা শুরু করেছে।


