পাথেয় রিপোর্ট : আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ভাবে না করতে পারলে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সমিতির ব্যানারে আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন এ দাবি জানান।
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, ‘নির্বাচন কমিশন সংবিধান মোতাবেক স্বাধীন। আপনারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করুন। সরকারকে বলুন আপনাদের কথা শুনতে। আগামী নির্বাচন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করার জন্য এখনই ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় আমরা মনে করব, যে জাতীয় নির্বাচন এভাবেই হবে। সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ জন্যই বলছি এই নির্বাচন (তিন সিটি) নিয়ে যদি এতটুকু সন্দেহ থাকে আপনাদের মনে, তাহলে নির্বাচনের আগেই আপনারা পদত্যাগ করুন।’
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
জয়নুল আবেদীন বিএনপির ভাইস চেয়ারম্যানও। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আগামী ৩০ জুলাই তিন সিটি করপোরেশন নির্বাচন হবে। ভেবেছিলাম এই তিন সিটি করপোরেশন নির্বাচনে অন্তত নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ দেখব। দেখব তারা একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। কিন্তু দুঃখের বিষয় আজ (রোববার) বিভিন্ন পত্রিকায় এসেছে আবার সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন এলাকা থেকে ফোন এসেছে, সংবাদ পেয়েছি প্রত্যেকটি সিটি করপোরেশনে মানুষ এখন কীভাবে ভোট দেবে আগামী দিনে সে চিন্তার মধ্যে আছে। নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।’
সংবাদ সম্মেলনে গ্রেপ্তার বিএনপির কয়েকজন নেতা-কর্মীদের নাম উল্লেখ করে জয়নুল আবেদীন অভিযোগ করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সরকারের বাইরে যেসব দল প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের নেতা-কর্মী ও সমর্থকের বাড়ি বাড়ি হামলা হচ্ছে। বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যে কারণে সকল কর্মীরা, সমর্থকেরা ও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন।
জয়নুল আবেদীন বলেন, ‘নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি সুষ্ঠু নির্বাচন না করতে পারেন, সরকার যদি আপনাদের যথাযথভাবে সাহায্য না করে তাহলে আপনারা পদত্যাগ করুন। আগেই সরকারকে বলে দেন আপনাদের কথা। নিরপেক্ষভাবে তাদের আইন-শৃঙ্খলা বাহিনী ভূমিকা পালন না করলে নির্বাচনের আগেই পদত্যাগ করুন। অন্যথায় দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। শুধু দেশের মানুষ নয় এই আইনজীবীরা সারা দেশের আইনজীবীদের নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করবে।’


