সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া

সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। আজ সোমবার (১ নভেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গত ১২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠছেন। নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড। সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্প্রতি ওই হাসপাতালে তার ছোট-খাট একটি অপারেশন করা হয়।

বিএনপিপন্থী চিকিৎসক নেতা জাহিদ হোসেন বলেন, বর্তমানে হাসপাতালের কেবিনে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতাল থেকে সরবরাহ করা খাবারের পাশাপাশি বাসা থেকে আনা রান্না করা খাবার খাচ্ছেন তিনি। হাসপাতালে তাকে নিয়মিত দেখাশুনা করছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার এবং আরেক ভাই প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার শরীরে গত ১২ অক্টোবর জ্বর দেখা দেয়। যদিও আগে থেকেই জ্বর উঠানামা করছিল। তবে ওই দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার বায়োপসি করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ড বর্তমানে তাকে চিকিৎসা দিচ্ছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে টানা ৫৪ দিন কাটান তিনি। বাত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বয়সজনিত নানা জটিলতা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *