সৃজা ঘোষ এর তিনটি কবিতা

সৃজা ঘোষ এর তিনটি কবিতা

  • সৃজা ঘোষ, ভারত

বৃষ্টি, আমায় তোমার সঙ্গে নেবে না?

বৃষ্টি,আমাকে তোমার সঙ্গে নাও

রুক্ষ হৃদয়ে একটু শান্তি দাও

কাকভেজা মন, দুঃখরা গোল চৌকো

ভেসে যায় দূরে প্রিয় কাগজের নৌকো

ছাদে মেলা জামা, ইস্কুল ফেরা ছাতারা

পড়ে যাওয়া টব, ঝরে যাওয়া ফুল পাতারা

মেঘের আওয়াজ জলের শরীরে যায় না।

টেলফোন, চিঠি… কেউ কোনো খোঁজই পায়না

ছায়া ছায়া দিন, আঁধারের গাছগাছালি 

সময়ের আগে শাঁখ…লক্ষ্মীর পাঁচালি…

এত ঝড়-জল, তবুও প্রদীপ নেভেনা

বৃষ্টি, আমায় তোমার সঙ্গে নেবে না?

* 

একটা আকাশ কিনতে কত টাকা লাগে?

অনেক টাকার দরকার। 

একটা আকাশ কিনতে কত টাকা লাগে?

মেঘ রোদ্দুর আলো আঁধার সমেত… একটা আকাশ

যার নীচে কাঁদা যায় অনন্তকাল

যার নীচে হাসা যায়, উন্মাদ হয়ে।

একটা আকাশ, যে ঢেকে ফেলতে পারে আমার 

সমস্ত অপারগতা-অসুখ-অবসাদ।

যার কাছে বলে ফেলা যায় –

কেন ইদানীং চুপ করে থাকি আমি

কেন আমার কাউকেই আর কিছু বলার নেই

কেন আমার সব দুঃখ হাওয়া হয়ে গেছে…

অনেক টাকার দরকার

একটা আকাশ কিনতে যত টাকা লাগে!

*

নিজেকে আজকাল মনে হয় আস্ত অকম্মা।

আজকাল নিজেকে মনে হয় আস্ত অকম্মা

রান্নায় লবণ বেশি, ঘর আউলবাউল

ছাদে ঝুল, জামায় হাজারটা ভাঁজ

জল পেয়েও মরে যাওয়া গাছ;

টেবিলে ছড়ানো বই, কাটাকুটি লেখা

মাসের শেষে টানাটানি আর

ভুলে যাওয়া অপমান।

নিজেকে আজকাল মনে হয় আস্ত অকম্মা।

দুঃখ আর অপারপগতা ছাড়া কিছুই পরিপাটি নয়।।

লেখক, কবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *