সেই ইমাম আর কোনো যৌনকর্মীর জানাযা পড়াবেন না
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: যৌনকর্মীর জানাযা পড়িয়ে বিশ্বজুড়ে আলোচনায় এলেও দৌলতদিয়া রেলস্টেশন মসজিদের ইমাম গোলাম মোস্তফা এবার বেঁকে বসেছেন। আর কখনও কোনো যৌনকর্মীর জানাজা পড়াবেন না তিনি। চলতি মাসের ২ ফেব্রুয়ারি প্রথা ভেঙে দৌলতদিয়ার একজন যৌনকর্মীর জানাযা পড়িয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন মসজিদের ইমাম।
দৌলতদিয়া রেলস্টেশন মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, হামিদা বেগমের জানাজা পড়ানোর পর তিনি স্থানীয়ভাবে সমালোচনার মুখে পড়েছেন।
যদিও যৌনকর্মীদের জানাজা বা দাফনের ব্যাপারে কোনো ধর্মীয় বিধিনিষেধ আছে কি-না, তেমন কিছু উল্লেখ করছেন না মোস্তফা, কিন্তু তিনি বলছেন তিনি এই জানাজা পড়াতে রাজি ছিলেন না, স্থানীয় পুলিশের কর্মকর্তাদের অনুরোধে তিনি পড়িয়েছিলেন।
তিনি আরও বলেন, এইখানে তো সমালোচনা হচ্ছে। গ্রামের লোক, দোকানদার সবাই আমার সমালোচনা করছে। এতদিন জানাযা হয়নি, আমি কেন হঠাৎ করে জানাযা পড়াইলাম?
ভবিষ্যতে আর জানাযা পড়ানোর নিয়ত নেই। বিভিন্ন আলেমের সঙ্গেও কথা বলছি। তারাও নিষেধ করছেন। পল্লীর লোকেরা অন্য কাউকে দিয়ে জানাযা, দাফন করাইতে পারে। কিন্তু আমাকে পাবে না।
সূত্র : বিবিসি বাংলা


