সেতুবন্ধের নিয়ামক হতে পারে বই

সেতুবন্ধের নিয়ামক হতে পারে বই

আন্তর্জাতিক ডেস্ক ● সেতুবন্ধের নিয়ামক হতে পারে বই -মন্তব্য করেছেন কলকাতায় মঙ্গলবার বিকেলে ‘সেতুবন্ধনে বই’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা। তারা বলেছেন, বই-ই হতে পারে দেশে দেশে মানুষের মধ্যে সেতুবন্ধের সেরা কারিগর। আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) এবং কলকাতার পাঠক সমাবেশ কেন্দ্রের যৌথ উদ্যোগে কলকাতার আইসিসিআরের অবনীন্দ্রনাথ সভাঘরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন ভাষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাহিত্যিক ইমদাদুল হক মিলন, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর এবং বাংলাদেশের অভিনেতা, লেখক আফজাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ড. বাসবি ফ্রেজার। আলোচনায় অংশ নেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, প্রাবন্ধিক আহমাদ মাযহার, অভিনয়শিল্পী শহিদুল আলম সাচ্চু, কবি গীতেশ শর্মা, গৌতম দে, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মো. মোফাখখারুল ইকবাল, কাউন্সিলর বিএম জামাল হোসেন প্রমুখ।

আলোচনা সভায় ইমদাদুল হক মিলন বলেন, বই পারে মানুষে মানুষে সেতুবন্ধকে দৃঢ় করতে। তিনি বলেন, ঢাকায় বসে আমরা কলকাতার বই পেলেও কলকাতায় মেলে না ঢাকার বই। এই বৈষম্য ঘোচানোর জন্য বাংলাদেশের বই কলকাতায় আরও বেশি করে আমদানি করতে হবে।

ফরিদুর রেজা সাগর বলেন, বই হতে পারে মেধাশক্তির বিকাশের মাধ্যম। সভাপতির ভাষণে পবিত্র সরকার বলেন, সেতুবন্ধে বইয়ের ভূমিকা অনস্বীকার্য। বই পারে আমাদের ভালোবাসাকে দৃঢ় করতে, বিভেদকে ঘোচাতে, বন্ধুত্বকে গাঢ় করতে এবং সেতুবন্ধের কারিগর হতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *