পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে রেলসংযোগসহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।
আওয়ামী লীগের সভাপতি ১৪ অক্টোবর রোববার বেলা ১১টার দিকে মাওয়া প্রান্তে পৌঁছান। তার পরই নামফলকসহ চারটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হকসহ আওয়ামী লীগ নেতারা। আরো জানা যায়র প্রধানমন্ত্রী পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার সঙ্গে যশোরের রেল লিংক রোডের নির্মাণকাজ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেগাপ্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে রোববার মুন্সীগঞ্জের মাওয়াসহ শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় যাবেন। দুপুরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরে যাবেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ী ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন বলে জানা যায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শনিবার পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে আসার কথা ছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তা পরিবর্তন করে রোববার পরিদর্শনের তারিখ নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উভয় পাশে ৬০ শতাংশ কাজের অগ্রগতির ফলক উন্মোচন করবেন।
প্রধানমন্ত্রী এরপর স্থায়ী নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করেন। মাওয়ার দিকের সেতুর সামগ্রিক কাজের অগ্রগতি পরিদর্শন করেন। কিছুক্ষণ পর তিনি মাওয়া গোল চত্বরে এক সুধীসমাবেশে বক্তব্য দেবেন। দুপুরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে শিবচরে যাবেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ী ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন।
উল্লেখ্য, রেলপথ মন্ত্রণালয় কর্তৃক পদ্মা সেতুকে সংযুক্ত করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রথম দিন হতেই পদ্মা সেতুতে ট্রেন চালু করার লক্ষ্য অর্জনের নিমিত্তে “পদ্মা সেতু রেল সংযোগ’’ প্রকল্পের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি) সেলকে নিয়োগের ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে অনুরোধ করে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর সিএসসি এর নিয়োগের বিষয়ে সার-সংক্ষেপ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) কর্তৃক ৩০ মার্চ ২০১৬ তারিখে সুপারিশ করা হয়, ০৩ মে ২০১৬ তারিখে একনেক সভায় এবং পরবর্তীতে ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি (সিসিজিপি) কর্তৃক অনুমোদিত হয়।


