সেলাই কাটার পর জাফর ইকবাল সিলেট যাবেন

সেলাই কাটার পর জাফর ইকবাল সিলেট যাবেন

নিজস্ব প্রতিবেদক : অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল সুস্থ হয়ে উঠেছেন। দু-এক দিনের মধ্যেই চিকিৎসকরা তার সেলাই কাটবেন। সেলাই কাটার পর জাফর ইকবাল সিলেটে কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় ফিরে আসবেন। এরপর তিনি তার বাসায় যাবেন। সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচের চিকিৎসক এসব তথ্য জানিয়েছেন।

৩ মার্চ শনিবার বিকালে সিলেটে শাবিতে এক অনুষ্ঠানে ফয়জুল নামের এক তরুণের ছুরিকাঘাতে আহত হন অধ্যাপক জাফর ইকবাল। তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ওই রাতে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকায় সিএমএইচে আনা হয়। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউতে) চিকিৎসাধীন ছিলেন জাফর ইকবাল। পরে ৭ মার্চ বুধবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে কেবিনে পরিবারের সদস্য ছাড়া আর কাউকে জাফর ইকবালের কাছে থাকার অনুমতি দিচ্ছে না সিএমএইচ কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় সিএমএইচের কনসালট্যান্ট সার্জন মেজর জেনারেল মুন্সী মুজিবুর রহমান যুগান্তরকে বলেন, জাফর ইকবালের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি নিয়মিত খাবার খাচ্ছেন, রেস্ট করছেন। সোম ও মঙ্গলবার তার সেলাই কাটা হবে। জাফর ইকবাল জানিয়েছেন, সেলাই কাটার পর তিনি বিমানে সিলেট যাবেন। শাবিতে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরতি ফ্লাইটে চলে আসবেন। এরপর তিনি বাসায় যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *