সোমালিয়ায় আত্মঘাতী হামলায় প্রখ্যাত সাংবাদিক নিহত

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় প্রখ্যাত সাংবাদিক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের আত্মঘাতী বোমা হামলায় আবদিয়াজিজ মোহাম্মদ গুলেদ নামে দেশটির প্রখ্যাত এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এই হামলার ঘটনা ঘটে। শনিবার (২০ নভেম্বর) দুপুরের পর শহরটির একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তিনি জঙ্গিগোষ্ঠীটির আত্মঘাতী হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই নিহত হন।

প্রখ্যাত ওই সাংবাদিকের নাম আবদিয়াজিজ মোহাম্মদ গুলেদ হলেও আবদিয়াজিজ আফ্রিকা নামে পরিচিত ছিলেন। হামলায় ঘটনাস্থলের পাশে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে এই হামলা ও সাংবাদিককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। নিহত ওই সাংবাদিক রেডিও মোগাদিসুতে কর্মরত ছিলেন।

পুলিশের বরাত দিয়ে রেডিও মোগাদিসুর ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, মোগাদিসুর একটি রেস্টুরেন্টের সামনে গাড়িকে লক্ষ্য করে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। হামলায় সোমালিয়ার জাতীয় টেলিভিশনের পরিচালক ও গাড়ি চালক আহত হয়েছেন।

হামলা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন সোলিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসাইন রোবল। একইসঙ্গে আবদিয়াজিজ মোহাম্মদ গুলেদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *