পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় সংসদে কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতির বিল পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে ৪ নভেম্বর সংবর্ধনা দেবে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়া উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া। সোহরাওয়ার্দী উদ্যানে ৪ নভেম্বরের সংবর্ধনা ও শুকরানা মাহফিল বাস্তবায়নে আল-হাইআতুল উলয়া ব্যাপক প্রস্তুত গ্রহণ করেছে। পাশাপাশি ট্রাফিক নির্দেশনা জারি করেছে ট্রাফিক বিভাগ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ট্রাফিক বিভাগ।
২ নভেম্বর শুক্রবার ডিএমপি হেডকোয়ার্টার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শোকরানা মাহফিলে ঢাকা শহরসহ সারাদেশের কওমি মাদ্রাসার কয়েক লাখ মানুষ বাস, ট্রেন, লঞ্চযোগে ওইদিন ভোর হতেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। সেক্ষেত্রে সর্বসাধারণকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানস্থল এবং এর আশে-পাশের এলাকা দিয়ে ভারী বা হালকা যানবাহনসহ যাতায়াত পরিহার করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।
ট্রাফিক নির্দেশনা হচ্ছে- গাবতলী, মিরপুর রোড হয়ে আসা ব্যক্তিরা সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বর এবং নীলক্ষেত হতে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এক লাইনে পার্কিং করবেন।
উত্তরা হতে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী- মগবাজার- কাকরাইল চার্চ- রাজমনি ক্রসিং- নাইটেংগেল- পল্টন মোড়- জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার- বাড্ডা- গুলশান- রামপুরা রোড- মৌচাক ফ্লাইওভার-মালিবাগ- শান্তিনগর- রাজমনি ক্রসিং- নাইটেংগেল হয়ে পল্টনমোড় বা জিরোপয়েন্ট হয়ে আগত ব্যক্তিবর্গ পল্টন মোড় বা জিরো পয়েন্টে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্ত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বাসগুলো মতিঝিল এলাকায় পার্কিং করবেন।
উল্লেখ্য, উত্তরা বা এয়ারপোর্ট থেকে আসা গাড়িগুলোর পার্কিং স্থান মতিঝিল বা গুলিস্থানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে।
চট্টগ্রাম, সিলেট হতে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল হতে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে আগত ব্যক্তিরা গুলিস্থানে নেমে পায়ে হেঁটে জিরো পয়েন্ট- দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বাসগুলো মতিঝিল বা গুলিস্থান এলাকায় পার্কিং করবেন। যারা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে চাঁনখারপুল হয়ে আসবেন তারা চাঁনখারপুল নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবেন।
বাবুবাজার ব্রিজ হয়ে আগত ব্যক্তিরা গোলাপশাহ্ মাজারে নেমে পায়ে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো গুলিস্তান এলাকায় পার্কিং করবেন।
শাহবাগ থেকে মৎসভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিবর্গের গমনাগমন উপলক্ষে ওইদিন ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমন-বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহাবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিংগুলো হতে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।
জানা যায়, অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের কোনো ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। ওইদিন জেএসসি পরীক্ষা রয়েছে বিধায় সোহরাওয়ার্দী উদ্যানের নিকটবর্তী কেন্দ্রসমূহের শিক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ারও অনুরোধ জানিয়েছে ডিএমপি।


