সৌদি থেকে ৩৬৬ জন ফিরেছেন দেশে; নেয়া হয়েছে কোয়ারেন্টাইনে

সৌদি থেকে ৩৬৬ জন ফিরেছেন দেশে; নেয়া হয়েছে কোয়ারেন্টাইনে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার দুর্যোগে লকডাউনে সৌদিতে আটকা পড়া কর্মী ও ওমরাহ হজযাত্রীসহ ৩৬৬ বাংলাদেশী দেশে ফিরেছেন। বুধবার (১৫ এপ্রিল) রাতে তারা দেশে ফেরার পর তাদের আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য নেয়া হয়েছে। বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ বাধ্যতামূলক এই কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে বাংলাদেশী যাত্রী বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করে সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে দেয়া হয়। এরপর বিআরটিসির নন-এসি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য নেয়া হয় তাদের।

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফ্লাইটে থাকা ৩৬৬ জন বাংলাদেশীর মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন কর্মী ও ১৩২ জন ওমরাহযাত্রী রয়েছেন।

সৌদিতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথের যোগাযোগ সাময়িক বন্ধ থাকায় আটকা পড়েন ওমরা যাত্রীরা। এর আগে ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট গিয়ে ৪০৯ জন ওমরাহ যাত্রীকে ফিরিয়ে এনেছিল। তবে সৌদিয়া, কুয়েত এয়ারওয়েজসহ অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে যারা ওমরাহ করতে গিয়েছিলেন তারাই মূলত আটকা পড়েন।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় ওমরাহ পালন ও মসজিদে নববিতে জিয়ারত গত ২৭ ফেব্রুয়ারি থেকে স্থগিত করেছে সৌদি আরব। ওই ঘোষণার পর সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন পাঁচ শতাধিক ওমরাহ যাত্রী।

এয়ারলাইনসগুলো জানায়, সৌদি আরবের পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত যাত্রীদের নিতে পারবে না তারা। সে সময় হাব নেতারা জানান, এরই মধ্যে ১০ হাজার ওমরাহ ভিসা করা আছে, ৯ কোটি টাকার টিকিট কাটা আছে। তবে পরবর্তী সময়ে সৌদি সরকার ভিসা ফি ফেরত দেয়ার ঘোষণা দেয়। পাশাপাশি এয়ারলাইনসগুলোও টিকিটের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *