সৌদি প্রবাসীদের ২৫ হাজার টাকা করে দিবে বাংলাদেশ সরকার

সৌদি প্রবাসীদের ২৫ হাজার টাকা করে দিবে বাংলাদেশ সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাকালীন সময়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসীদের নিজ খরচে ব্যয়বহুল হোটেলে কোয়ারেন্টাইন করতে হচ্ছে। এই খরচ মেটাতে ২৫ হাজার টাকা করে ভর্তুকি দেয়ার কথা জানিয়েছে সরকার।

রোববার (৬ জুন) জানানো হয়েছে, যেসব প্রবাসী এরইমধ্যে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন বা করছেন, তার বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে পাঠানো হবে ভর্তুকির টাকা। একইভাবে সামনে যারা কোয়ারেন্টাইন করবেন, তাদেরও একই নিয়মে এই টাকা দেয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩০ জুনের মধ্যে ডাক মারফত জমা দিতে হবে সৌদির রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাছে।

আবেদনটি পাওয়া যাচ্ছে মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ওয়েবসাইট www.bmet.gov.bd-তে। এ ছাড়া দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও এটি সংগ্রহ করা যাচ্ছে।

এটি পূরণ করে আগামী ৭ জুন হতে জমা দিতে বলা হয়েছে ফ্লাইটের দিন বহির্গমনের আগে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে। এ ক্ষেত্রে যেসব কাগজপত্র সাথে লাগবে, তা হলো- বিএমইটির দেয়া স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম ৪ পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকেটের ফটোকপি এবং হোটেল বুকিংয়ের ডকুমেন্টের ফটোকপি।

করোনা মহামারির বিস্তার ঠেকাতে সৌদি সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে। তাদের ভর্তুকি দিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *