স্কুলে এমপির শোডাউন, ৩ দিন ধরে ক্লাস বন্ধ

স্কুলে এমপির শোডাউন, ৩ দিন ধরে ক্লাস বন্ধ

পাথেয় ডেস্ক : পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া) ক্ষমতাসীন দলের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু একটি স্কুলে শোডাউন করায় ব্যবহার-অনুপযোগী হয়ে পড়েছে।

বেড়া উপজেলার ধোবাকোলা করনেশন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে শনিবার এই শোডাউন হয়। এ সময় সবাইকে বিরানি খাওয়ানো হলে উচ্ছিষ্ট পচে দুর্গন্ধ হওয়ায় তিন দিন ধরে ক্লাস বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বলেন, “চারজন নারীশ্রমিক পরিষ্কারের কাজ করছেন। আশা করি মঙ্গলবার ক্লাস শুরু হবে।”

সংসদ সদস্য আরজুর ঘনিষ্ঠ নেতা-কর্মীরা জানান, প্রায় ১৫ হাজার মানুষ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অটোরিকশায় করে এই শোডাউনে অংশ নেন। তাদের জন্য দুপুরের খাবার রান্না করা হয় বিদ্যালয় মাঠে। আর খাওয়ার ব্যবস্থা করা হয় ক্লাসরুমে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনায় শ্রেণিকক্ষসহ পুরো বিদ্যালয় মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। উচ্ছিষ্ট পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এমপি সাহেবের অনুষ্ঠান ছিল শনিবার। সেদিন স্যারেরা স্কুলে আসতে নিষেধ করেছিলেন। রবি ও সোমবার ক্লাসে এলেও পচা দুর্ঘন্ধে ক্লাসে বসে থাকা সম্ভব না হওয়ায় শিক্ষকরা ছুটি দেন।

বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন এলাকার অভিভাবকসহ অনেক জনপ্রতিনিধি।

বেড়া উপজেলা শিক্ষাবিষয়ক কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বলেন, “একজন সংসদ সদস্য হিসেবে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে এ ধরনের আয়োজন করতে পারেন না। আইন প্রণেতা হয়ে আইন লঙ্ঘন করেছেন তিনি। এটি শিক্ষার প্রতি চরম অবমাননার দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এ বিষয়ে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান আলী সাজু বলেন, “এমপি মহোদয় এই প্রতিষ্ঠানের অভিভাবক।”

সংসদ সদস্য আরজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার অনুষ্ঠান আয়োজনের কথা শুনে শিক্ষার্থী-অভিভাবকরা স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন।”

তিন দিন ধরে ক্লাস না হওয়ার বিষয়ে তিনি বলেন, “শনিবার দুই বিষয় ক্লাস হওয়ার পর স্কুল ছুটি দেওয়া হয়। আমার অনুষ্ঠানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে কতিপয় লোকজন ভীত হয়ে অপপ্রচার চালাচ্ছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *