স্থানীয়রাও রোহিঙ্গাদের সমপরিমাণ সহায়তা পাবে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্থানীয়রাও রোহিঙ্গাদের সমপরিমাণ সহায়তা পাবে : ত্রাণ প্রতিমন্ত্রী

পাথেয় রিপোর্ট : কক্সবাজারের উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের রোহিঙ্গারা যে পরিমাণ সহায়তা পাবে, স্থানীয়রাও ঠিক সমপরিমাণ সহায়তা পাবে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. এনামুর রহমান।

ডা. এনামুর রহমান বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, যে পরিমাণ সাহায্য সহযোগিতা দেওয়া হবে রোহিঙ্গাদের জন্য, সে পরিমাণ সহযোগিতা স্থানীয়দের করা হবে। এবং আন্তর্জাতিক সংস্থা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, যদি ১০০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য দেওয়া হয়, ১০০ মিলিয়ন ডলার দেওয়া হবে কক্সবাজারবাসীর জন্যও।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার দেওয়া ৫২ শর্তের কারণে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সেনাবাহিনীর রামু দশ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে মিয়ানমারে বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের যে কোনো দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে অনুষ্ঠিত মহড়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল। এ ছাড়া এ সময় রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুল্লাহ চৌধুরী, সামরিক ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার এক হাজার ৪০০ উদ্ধারকর্মী অংশ নেন।

এ সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘জাতির যে কোনো দুর্যোগে সেনাবাহিনী আত্মনিয়োগ করতে প্রস্তুত রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *