স্বজনের লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

স্বজনের লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বরিশালের বাকেরগঞ্জে স্বজনের লাশ দাফন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। তারা দুজনে সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারশিবপুর গ্রামের শতবর্ষী আনিচ হাওলাদার বার্ধক্যজনিত কারণে রোববার সকাল ৮টার দিকে ইন্তেকাল করেন। আসরের নামাজ শেষে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষ হলে মৃত আনিস হাওলাদারের নাতি সরোয়ার তার দাদার লাশ কবরস্থ করে খাটিয়াটি তার মামা ফিরোজকে নিয়ে সরাতে যান। এ সময় কবরের উপরে টিউবলাইটের সাথে সংযোগ দেয়া বিদ্যুতের তারের সাথে খাটিয়া লেগে যায়। এতে তারা দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন।

উপস্থিত মুসল্লিরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles