স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৬ শতাধিক অস্ত্রসহ চরমপন্থীর আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৬ শতাধিক অস্ত্রসহ চরমপন্থীর আত্মসমর্পণ

পাথেয় রিপোর্ট : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় শতাধিক চরমপন্থী অস্ত্র জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছে। গত কয়েকদিনের আলাপ আলোচনার পর মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে পাবনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন স্থানীয় ২৫ চরমপন্থী। এসময় প্রায় ১০০টি আগ্নেয়াস্ত্র জমা দেন তারা। পরে অন্যরাও আত্মসমর্পণ করেন।

জানা যায়, স্বাভাবিক জীবনে ফিরতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার ছয় শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করেছেন। অনুষ্ঠানে যেসব জেলা থেকে চরমপন্থীরা আত্মসমর্পণ করেছেন সেই জেলাগুলো হচ্ছে- পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও জয়পুরহাট। প্রাথমিক পর্যায়ে এসব জেলা থেকে প্রায় সাড়ে ৬শ’ চরমপন্থী আত্মসমর্পণ করার তালিকা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান চরমপন্থী দলের সদস্যরা। এসব দলের মধ্যে রয়েছে পূর্ববাংলার সর্বহারা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারীদের আইনি সহায়তা দেয়া হবে। এছাড়াও সামাজিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

আত্মসমর্পণকারী চরমপন্থীরা জানান, এখনও অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে, পর্যাপ্ত আইনি সহায়তা দেয়া হলে তারাও ফিরতে পারে আলোর পথে। অনুষ্ঠানে প্রত্যেকের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা আত্মসমর্পণ করেছেন তাদেরকে যোগ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের।

জেলা পুলিশ জানায়, পাবনা, ঈশ্বরদী, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নড়াইল, রাজবাড়ী, যশোর, খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় সক্রিয় বিভিন্ন চরমপন্থী দলের সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *