স্বাধীনতার ‘ইশতেহার’ পাঠক শাহজাহান সিরাজের ইন্তেকাল

স্বাধীনতার ‘ইশতেহার’ পাঠক শাহজাহান সিরাজের ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল সোমবার শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ২০১২ সালে তাঁর ফুসফুসে, এরপর মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। অসুস্থতার কারণে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। অনেক দিন ধরে তিনি হাসপাতালে যাওয়া–আসার মধ্যে ছিলেন। গত সোমবার অবস্থার অবনতি হলে তাঁকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী রাবেয়া সিরাজ, মেয়ে সারওয়াত সিরাজ ও ছেলে রাজীব সিরাজকে রেখে গেছেন। রাজীব সিরাজ দেশের বাইরে আছেন।

শাহজাহান সিরাজ জাসদ থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ছিলেন। রাবেয়া সিরাজও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের অনেকে তাঁর গুলশানের বাসায় ছুটে যান। তাঁরা প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *