পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোন কিছুই যে অতিরিক্ত ভালো না তার প্রমাণ দিয়ে গত বছর স্বামীর ‘অতিরিক্ত’ ভালোবাসায় অতিষ্ঠ হয়ে বিচ্ছেদের আবেদন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী। সেই সময় ঘটনাটি বেশ আলোচনা চলে গণমাধ্যমে। এবার সেই একই রকম ঘটনা ঘটল ভারতের উত্তরপ্রদেশে।
রাজ্যের এক নারী অভিযোগ করেছেন, স্বামীর অতিরিক্ত ভালোবাসায় তার দম বন্ধ হওয়ার অবস্থা! এ কারণে বিচ্ছেদ চান তিনি।
উত্তরপ্রদেশের সম্বল জেলার বাসিন্দা ওই নারী অভিযোগপত্রে বলেন, বিয়ের ১৮ মাস পার হলেও স্বামী কোনোদিন তার সঙ্গে ঝগড়া করেননি। বরং স্বামী তাকে ‘অতিরিক্ত’ ভালোবাসেন। কোনো ব্যাপারেই স্বামী তার ওপর বিরক্ত হন না, কখনও চিৎকারও করেন না।
ওই নারী জানান, তার যাতে কষ্ট না হয় এজন্য স্বামী মাঝে মধ্যে রান্না করেন। এমনকী গৃহকর্মেও তাকে সাহায্য করেন।
তিনি আরও জানান , কখনও কোনো ভুল করলে স্বামী তাৎক্ষণিক তাকে ক্ষমা করে দেন। আক্ষেপের সুরে স্ত্রী জানান, তিনি ঝগড়া করতে চাইলেও স্বামী তা করেন না। তিনি বলেন, ‘এত ভালোবাসায় আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এমন জীবন চাই না যেখানে স্বামী সব কিছু মেনে নেবে।’
তবে এমন অদ্ভুত কারণে বিচ্ছেদের আবেদন করায় শরিয়া আদালত ওই নারীর আবেদন খারিজ করে দেয়। এরপর একই আবেদন নিয়ে তিনি হাজির হন পঞ্চায়েত দরবারে। জানা গেছে, পঞ্চায়েতের পক্ষ থেকেও আবেদন মঞ্জুর অস্বীকৃতি জানানো হয়েছে।
এদিকে ওই নারীর স্বামী জানিয়েছেন, তিনি তার স্ত্রীকে সবসময় খুশী দেখতে চান। তাই শরিয়া আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত আদালত ওই দম্পতিকে নিজেদের সমস্যা নিজেদেরকেই মেটানোর নির্দেশ দেন।
সূত্র: ইন্ডিয়া টিভি
/এএ


