পাথেয় রিপোর্ট : গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-থ্রিহুইলার সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলা হরিদাসপুরের নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বাগেরহাটের রামপাল উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস (৪২) ও বাস হেলপার মো. কামরুল (৪৫)। তিনি মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মলয়েন্ত্র চন্দ্র রায় জানান, রাতে আল-আরাফাত পরিবহনের একটি বাস ঢাকা থেকে মংলা যাচ্ছিল। রামপালের সোনাতুনিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও মংলায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


