পাথেয় রিপোর্ট : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। জানা যায়, ঠাকুরগাঁওয় উপজেলার গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হচ্ছেন, স্থানীয় বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে আব্দুস সবুর (২৪) ও রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, রাতে রাণীশংকৈল উপজেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে সবুর ও জাহাঙ্গীর হালখাতার দাওয়াত দেওয়ার জন্য নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামে যাচ্ছিলেন।
গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে বাগেরহাটের কচুয়া উপজেলার ফতেপুর ব্রিজ এলাকায় বাসচাপায় উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছের আলী (৫০) নিহত হয়েছেন।
২২ ডিসেম্বর শনিবার সকালে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক মোদাচ্ছের আলীকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীর বরাত দিয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহ- পরিচালক মাসুদ রানা জানান, শনিবার সকাল ১০টার দিকে কচুয়ার ফতেপুর এলাকায় শিক্ষক মোদাচ্ছের আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করেছে।
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত হয়েছে। আহত ২ জন। স্থানীয়রা জানান, ভোরে গাজীপুরের কালিয়াকৈরে দাড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাককে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়।ঘটনাস্থলেই ট্রাক চালক মিজান মারা যায়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মির্জাপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক ট্রাক চালক দেলোয়ার মারা যায়।
এর আগে গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ভোরে উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই মো. তারিফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রংপুর সদর থানার কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ট্রাকচালক মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
এসআই মো. তারিফুজ্জামান জানান, শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকটি থামিয়ে এর নিচে চালক টায়ার বদলানোর কাজ করছিলেন। এ সময় টাঙ্গাইলগামী আরেকটি সিমেন্টভর্তি ট্রাক বালুভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন ধাক্কা দিলে সিমেন্টভর্তি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সিমেন্টভর্তি ট্রাকচালক মিজানের মৃত্যু হয়। এ সময় আহত হন দাঁড়িয়ে থাকা ট্রাকচালক দেলোয়ারসহ তিনজন। তাদের মির্জাপুর কুমুদীনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে দেলোয়ারের মৃত্যু হয়।


