পাথেয় রিপোর্ট : রাজধানীতে রমনা থানাধীন মৎস্য ভবন সংলগ্ন সড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক স্কুল শিক্ষার্থীসহ তিনজন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে রমনা এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের বয়স আনুমানিক ৬০, অপরজনের ২০। তবে নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- শরীফ (২০), নুর আলম (৩০) ও স্কুলছাত্র আয়াত (১২)। জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় দুইজনকে মৃত ঘেষণা করেন।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বাসযাত্রী মনির হোসেন জানান, মৎস্য ভবন মোড় অতিক্রম করার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পরমাণু শক্তি বিভাগের একটি স্টাফ বাসে ও একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে আহতদের মধ্যে শরীফ ও স্কুলছাত্র আরাফ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। দুর্ঘটনাকবলিত স্বাধীন পরিবহনের বাসের হেলপার নুর আলম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


