পাথেয় রিপোর্ট : ইজিবাইক থেকে পড়ে গিয়ে লিপি আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শার্শার বাগআঁচড়া-জেকাঠি সড়কে ঝিকরগাছার শংকরপুর কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লিপি আক্তার ঝিকরগাছার কুমরি গ্রামের কওছার আলীর মেয়ে ও বাগআঁচড়া সিদ্দিকীয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রথম বর্ষের শিক্ষার্থী।
তার সহপাটি পারুল আক্তার জানান, লিপি আজ না খেয়ে আসায় দুই ক্লাস করে ছুটি নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলো। মাঝপথে কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ মাথাঘুরে ইজিবাইক থেকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে বাগআঁচড়া ক্লিনিকে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকার লোকজনসহ মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


