হজযাত্রী পরিবহনে এয়ারলাইন্সের সংখ্যা বাড়ানোর দাবি

হজযাত্রী পরিবহনে এয়ারলাইন্সের সংখ্যা বাড়ানোর দাবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজযাত্রীদের নিরাপদে যাওয়া ও ফিরে আসা নিশ্চিত করতে এয়ারলাইন্সের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে হাব আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হবে এয়ারলাইন্সে যাত্রী পরিবহন। হজযাত্রীদের নিরাপদ যাত্রা ও ফিরে আসা নিশ্চিত করতে সম্ভব হলে থার্ড ক্যারিয়ার চালু। তা না হলে অন্তত যাত্রী পরিবহনে এয়ারলাইন্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে। করোনাপূর্ব সময়ে হজের সার্বিক ব্যবস্থাপনায় কয়েক মাস সময় পাওয়া গেলেও এবার সময় কম পাওয়া যাবে।

সৌদি সরকারের সঙ্গে হজচুক্তি না হওয়া পর্যন্ত হজে যেতে কত খরচ হবে সে প্যাকেজ করা যাবে না। প্যাকেজ করার পর হজে যাওয়ার জন্য নিবন্ধিত যাত্রীদের মধ্যে কে যাবেন কে যাবেন না তা কয়েক দফা অনকলের মাধ্যমে নিশ্চিত করতে হয়। অতঃপর হজ ফ্লাইট ঠিক করা হয়। অল্প সময়ের মধ্যে নিরাপদ হজ নিশ্চিত করতে এয়ারলাইন্সের সংখ্যা বৃদ্ধি করা না হলে সমস্যা তৈরি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হজ আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের আলোকে সব কার্যক্রম পরিচালিত হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও হজ ব্যবস্থাপনা নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ২০১৯ সালের মতো এ বছরও হাজিদের নিরাপদ যাত্রা ও ফিরে আসা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অতীতের মতো এবারও ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে হজের সার্বিক ব্যবস্থাপনা সফল করার সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে। মিনা, আরাফাহ ও মুজদালিফাতে যেন হজযাত্রীদের কষ্ট না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় অন্যদের মধ্যে ধর্ম সচিব কাজী এনামুল হাসান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *