হজ ফ্লাইট বিঘ্নিত, ইস্যু বিমানে যান্ত্রিক ত্রুটি
পাথেয় রিপোর্ট : বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে হজ ফ্লাইট বিঘ্নিত হচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে হজযাত্রী পরিবহন করতে পারছে না। এতে হজ ফ্লাইট পরিচালনায় বিশেষ সমস্যায় পড়েছে বিমান।
বিকল বিমানের প্রভাব পড়েছে ফিরতি হজ এবং নিয়মিত জেদ্দা-রিয়াদের শিডিউল ফ্লাইটে। এ কারণে নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে পারছেন না হাজিরা।
উড়োজাহাজটি বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে রাখা হয়েছে। ইঞ্জিন পরিবর্তনের পর আগামী মাসের প্রথম সপ্তাহেই উড়োজাহাজটি উড্ডয়নযোগ্য হবে বলে আশা করা যাচ্ছে।
এ বছর হজযাত্রীদের পরিবহনে বিমান নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করছে। একেকটি ফ্লাইট ৪১৯ জন যাত্রী পরিবহনে সক্ষম। তবে এর মধ্যে একটি বিকল হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে হাজিদের।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, গ্রাউন্ডেড থাকা বোয়িং ৭৭৭-৩০ইআর (এটুএএইচএম) উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা গেছে। এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোয়িং কর্তৃপক্ষ ইঞ্জিন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি থেকে ইঞ্জিন আনার প্রক্রিয়াও চলছে।
গত ১৭ আগস্ট থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে হাজিদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। তবে বিকল উড়োজাহাজের কারণে নির্দিষ্ট সময়ে হাজিদের ফেরত আনা বিমানের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।


