পাথেয় টোয়েন্টিফোর : আগামী দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ, পরীক্ষার পদ্ধতির মানোন্নয়ন ও ২ বছরের হিসাবসহ প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর সোমবার হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ৬ বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের সহসভাপতি ও দারুল উলুম রামপুরা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাওলানা ইয়াহইয়া মাহমুদ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। এতে দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ, পরীক্ষার পদ্ধতির মানোন্নয়ন ও ২ বছরের হিসাবসহ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ও বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
তিনি আরো বলেন, হাইআতুল উলইয়ার নিয়মতান্ত্রিক বিষয়সহ কওমি মাদরাসা আইন জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকেও সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেতৃবৃন্দ সংবর্ধনার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। সংযুক্ত ৬ বোর্ডের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হবে।
জানা যায়, চলতি মাসের শেষের দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বৃহদাকারে এ সংবর্ধনা দেয়া হবে। এতে সভাপতিত্ব করবেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।
সম্প্রতি জাতীয় সংসদে কওমি সনদের বিল পাশ হওয়ার পর হাইআতুল উলইয়ার এটিই প্রথম বৈঠক। আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে হাইআতুল উলয়ার নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা মাহমূদুল হাসান, আল্লামা আবদুল হালিম বোখারী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মুহাম্মদ আলী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক,মাওলানা আবদুল বছির, মুফতি এনামুল হাক, মাওলানা শামসুল আলম প্রমুখ।
বৈঠক সূত্রে জানা যায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা উপলক্ষ্যে আল্লামা আশরাফ আলীকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি উপ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি সংবর্ধনার বিষয়টি দেখভাল করবে এবং খুব দ্রুতই তারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, (বেফাক থেকে) বেফাকের সহসভাপতি মুফতি ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব, মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমিন।
অন্য বোর্ড থেকে, আল্লামা আবদুল হালিম বোখারী, মুফতি রুহুল আমীন, মাওলানা আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছির।
বৈঠকে চলতি বছরের দাওরায়ে হাদিসের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, এ বছর দাওরায়ে হাদিসের পরীক্ষা আগামী ২ শাবান অনুষ্ঠিত হবে। চলবে ১২ শাবান পর্যন্ত। মাঝখানে শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।
সম্মিলিত ৬ বোর্ডের অধীনে এর আগে দুটি কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের এটি হবে তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষা।


