নিজস্ব প্রতিবেদক ● দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, হাওরের ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র শ্রেণিকে ভিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা এবং সাধারণ ক্ষতিগ্রস্তদের ১০ টাকা কেজি দরে খাদ্য শস্য সরবরাহ করা হবে। এ সময় তাদের বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ফসলহানি হয়েছে। ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।
বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ফসল লাগাতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য মন্ত্রী কৃষি বিভাগকে নির্দেশ দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সফিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


