‘হাজারীবাগে মাদরাসা ছাত্র হত্যায় আইন শৃঙ্খলার অবহেলাই দায়ি’

‘হাজারীবাগে মাদরাসা ছাত্র হত্যায় আইন শৃঙ্খলার অবহেলাই দায়ি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, সরকারের এমপি-মন্ত্রীদের কয়েকস্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সাধারণ জনগণের নিরাপত্তার কোন ব্যবস্থা নাই। জনগণের নিরাপত্তার দায়িত্ব কার? সরকার জনগণ ও শিশু বাচ্চাদের নিরাপত্তা দিতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, দেশে গুম, অপহরণ ও খুন মারাত্মক আকার ধারণ করেছে। দুস্কৃতিকারীদের হাত থেকে বাদ যাচ্ছে না কেউ। নারী-শিশু অপহরণ ও ধর্ষণের বিচার হয় না। মুখ দেখে বিচার করা হয়। ফলে প্রশাসনে লোক থাকলে বিচার এধরণের, না থাকলে বিচার আরেক ধরণের।

তিনি বলেন, ১০ বছরের মাদরাসা ছাত্র ইব্রাহিম এ সমাজে কি অপরাধ করেছিলো যে, তাকে হত্যার শিকার হতে হবে? সেতো মাদরাসায় আল্লাহ ও রাসূল সা. এর বাণী পড়ে বড় আলেম হয়ে দেশ ও দেশের মানুষের মধ্যে আলো জ্বালাতে চেয়েছিল। বাবা-মার স্বপ্ন পুরণ করে মানুষকে হেদায়েতের বাণী শোনাতে চেয়েছিল। ইব্রাহিমকে গুম হওয়ার পর তার পিতা থানায় সাধারণ ডায়েরী করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে গুমকারীরা যখন মুক্তিপণ চাচ্ছিল তখন পুলিশকে তাদের কন্ঠ শোনাতে চাইলেও পুলিশ তা শোনেনি। পুলিশ ইচ্ছা করলে ইব্রাহিমকে বাঁচাতে পারতো।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, প্রশাসনের এহেন আচরণে জনমনে প্রশ্ন অপহরণকারীদের সাথে পুলিশের যোগসাজস রয়েছে কিনা তও খতিয়ে দেখার। পুলিশ প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা নিতো তাহলে ইব্রাহিমকে হত্যার শিকার হতে হতো না। প্রশাসনের অবহেলায় ইব্রাহিম খুন হয়েছে। তাই প্রশাসনও ইব্রাহিম হত্যার দায় কিছুতেই এড়াতে পারবে না।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে হাজারীবাগে মাদরাসা ছাত্র ইব্রাহীমকে অপহরণ করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আবদুল আউয়াল, নিহত ইব্রাহিমের বাবা মো. মনির হোসেন, মুহাম্মাদ হুমায়ুন কবির, মাওলানা কামাল হোসাইন, এইচএম সাইফুল ইসলাম, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ প্রমুখ।

মাওলানা ইমতিয়াজ আলম খুনিদের অবিলম্বে কঠোর শাস্তি কার্যকর করার দাবি জানিয়ে বলেন, বিচার ব্যবস্থায় দীর্ঘ সূত্রিতা অপরাধ প্রবণতাকে উসকে দেয়। তিনি ১৩ মার্চ শুক্রবার বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তেল-বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধির প্রতিবাদ এবং মশার উপদ্রবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *